POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বামী-স্ত্রীকে প্রেমিক-প্রেমিকা সন্দেহে হামলা, আহত ১১

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৫, ২০২২ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামে স্বামী-স্ত্রীকে প্রেমিক-প্রেমিকা ভেবে হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছে। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। রোববার সন্ধ্যায় এই ঘটনায় হাজীগঞ্জ থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়।

আহতরা ৭নং ওয়ার্ড পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের জমাদ্দার বাড়ীর জামাতা সাজ্জাদ হোসেন লিটন (২৫), তার স্ত্রী পিংকি আক্তার (১৯), পিংকি আক্তারের বাবা বিল্লাল হোসেন (৫০), মা নয়ন বানু (৪৫), ভাই সাগর হোসেন (২৬), চাচা ইকবাল হোসেন (৫৫), মজুমদার বাড়ীর মুরাদ মজুমদার (২০), আফছানা আক্তার (১৫), কুমিল্লার সাকিব (১৮) ও প্রতিপক্ষের ৮নং ওয়ার্ড হরিপুর গ্রামের শাকিল হোসেন (২০) ও তার আরেক ভাই।

ঘটনার বর্ণনা তুলে ধরে পিংকি আক্তার ও তার স্বামী সাজ্জাদ হোসেন লিটন বলেন, দাদী মারা গেছেন। সোমবার চারদিনের মিলাদের আয়োজন। চাচার বাড়ীতে যাবার সময় এই হামলার ঘটনার শিকার হন তারা।

তার মা নয়ন বানু বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে হরিপুর গ্রামের পাটোয়ারী বাড়ীর দুলাল পাটোয়ারী (৬৫), তার ছেলে শাকিল হোসেন (২০), সাইফুল (২৫), মো. হাসান (৩৫), মোহাম্মদ হোসেন (৩০), মো. ইউসুফ (২৮)সহ অজ্ঞাত ৫/৬ জন।

দুলাল পাটোয়ারী বলেন, তারা বিচার চাইতে এসে ছেলে শাকিলকে মারধর করে। এতে উভয়পক্ষ মারামারি শুরু হয়। তাদের বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে।

শাকিল বাদী হয়ে হাজীগঞ্জ থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাজু ও জসিমসহ পাঁচজনের নাম এবং অজ্ঞাত ৯ জনকে বিবাদী করেন।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হিরা ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আকতার হোসেন পপুলার বিডিনিউজকে জানান রাতে হামলার ঘটনায় দশ জন আহত হয়। দুই পক্ষ থেকে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

দুই পক্ষের ৯৯৯ এর কল পেয়ে উপ-পরিদর্শক ইউনুছ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই পক্ষের অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছেন উপ-পরিদর্শক আজিজ ও খায়ের।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ বলেন, রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষের অভিযোগের প্রাথমিক তদন্ত কাজ চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন