POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলেদের চাল আত্মসাৎ, চাঁদপুরের ইউপি চেয়ারম্যান কারাগারে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২৪, ২০২২ | সময়: ৩:৫৭ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।

জেলেদের জন্য বরাদ্দ চাল আত্মসাৎ করার মামলায় অভিযুক্ত চেয়ারম্যান রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তার জামিন না দিয়ে এই আদেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী আহসান হাবিব জানান, ৫৩ দশমিক ৬৮০ টন চাল আত্মসাৎ মামলায় অভিযুক্ত হন তার মোয়াক্কেল শাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের নির্দেশে মামলার বাদি হন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

এ বিষয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রনজিত রায় চৌধুরী বলেন, ‘মূলত জেলেদের বরাদ্দকৃত চাল আত্মসাৎ মামলায় চেয়ারম্যান রনি পাটওয়ারী আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’

গত ১৮ মে সংশ্লিষ্ট এলাকার জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণ করতে গিয়ে মৎস কর্মকতা চালের পরিমাণে হেরফের হওয়ার বিষয়টি টের পান। পরে বিষয়টি ইউএনওকে জানান। তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ইউনিয়ন পরিষদ এবং লাগোয়া খাদ্য গুদাম সিলগালা করে দেয়।

ওই ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দেন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন