POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষক উৎপল সরকার হত্যার প্রতিবাদে হাইমচরে শিক্ষকদের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১, ২০২২ | সময়: ১:০৯ পূর্বাহ্ণ

শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকান্ডে অভিযুক্ত ছাত্র ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন এবং শিক্ষক সুরক্ষা আইন প্রনয়নের দাবিতে হাইমচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে হাইমচর মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব, নুরুল আমিন বলেন, ‘শিক্ষার্থীর হাতে শিক্ষক হত্যার মতো এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষীও আমাদের হতে হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। আমাদের শিক্ষকরা আজ নিরাপদ বোধ করছেন না।”দেরিতে হলেও ঘটনার মূল আসামি জিতুকে গ্রেপ্তার করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে দাবি জানাই দ্রুত এই মামলার বিচারকার্য শেষ করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। পাশাপাশি নিহত শিক্ষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়াসহ অতি দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটন করতে হবে’, বলেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান বলেন, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিনিয়ত আমাদেরকে ছাত্রছাত্রী কর্তৃক শিক্ষক লাঞ্চনার মতো ঘটনার স্বাক্ষী হতে হচ্ছে। যার চূড়ান্ত রুপ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাণ্ড। এটা কোনভাবেই কাম্য নয়। এভাবে চলতে থাকলে শিক্ষকরা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে না এবং শিক্ষকতা পেশায় সবাই আগ্রহ হারাবে। যা জাতির জন্য অশনীসংকেত। তাই অবিলম্বে শিক্ষক উৎপল সরকার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং কর্মক্ষেত্রে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্টদের কাছে শিক্ষক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানাচ্ছি।

আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান ফারুকী বলেন, শিক্ষক জাতি গড়ার কারিগর। আদর্শ জাতি গঠনে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু ছাত্র কর্তৃক শিক্ষক হত্যার যে ঘটনা আমরা দেখলাম, একটা জাতির জন্য এর চেয়ে কলঙ্কের আর কিছু হতে পারে না। এই ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে তাই অভিযুক্ত ছাত্র সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,হাইমচর সরকারি কলেজ সহকারী অধ্যাপক জনাব,আবু তাহের রুহুল আমিন, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব, আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব, মোঃ রুহুল আমিন, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সর্বস্তরের শিক্ষকবৃন্দ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন