POPULAR BD NEWS
Popular BD News Logo

সিলেটে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২০, ২০২২ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

আগামী ৮-৯ দিনেও সিলেটে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। একই পরিস্থিতি থাকবে চট্টগ্রাম–বরিশালেও। সেখানে অন্তত ২৯ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

তবে আগামীকাল মঙ্গলবার ঢাকা, রংপুর ও রাজশাহীতে বৃষ্টি কম হতে পারে। বুধবার থেকে সারা দেশে বৃষ্টি আবারও বাড়বে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, সিলেট বিভাগে ২৯ জুন পর্যন্ত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হবে বলে বন্যা পরিস্থিতির উন্নতিরও সম্ভাবনা নেই। পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে চট্টগ্রাম–বরিশালেও।

রংপুর, রাজশাহী ও ঢাকায় কাল মঙ্গলবার এক দিনের জন্য বৃষ্টি কমে পরদিন বুধবার থেকে আবারও বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিকে হালকা, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতিভারী বৃষ্টি বলা হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে—২৪২ মিলিমিটার। বরিশালে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে ঢাকায়। এরপর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে টাঙ্গাইল ও ফরিদপুরে—৪ মিলিমিটার।

২৪ ঘণ্টার পূর্বাভাস অনুসারে সিলেটে ২২ ও শ্রীমঙ্গলে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সেখানে কোথাও কোথাও আরও বেশি বৃষ্টি হয়ে থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন