POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবা বটবৃক্ষ, প্রখর রোদে সন্তানের শীতল ছায়া

আজ বিশ্ব বাবা দিবস

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৯, ২০২২ | সময়: ১২:২৮ অপরাহ্ণ

‘কাটে না সময় যখন আর কিছুতে/ বন্ধুর টেলিফোনে মন বসে না/ জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা/ মনে হয় বাবার মতো কেউ বলে না/ আয় খুকু আয়, আয় খুকু আয়…’।

বাবা মানে নির্ভরতার আকাশ। বাবা মানে নিরাপত্তার চাদর। বাবা শাশ্বত, চির আপন। বাবা বটবৃক্ষ, প্রখর রোদে সন্তানের শীতল ছায়া। বিশ্ব বাবা দিবস আজ।

বিশ্বের ৫২টি দেশে জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর দিবসটি পালিত হয়ে থাকে। এ বছর তৃতীয় রোববার হিসেবে ১৯ জুন পালিত হচ্ছে দিবসটি। বাবার প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন, প্রতিদিনের-প্রতিক্ষণের। তারপরও বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

হাদীসে আছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত।’ (তিরমিযি-১৮৯৯)।

সনাতন ধর্মমতে, ‘পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরমং তপঃ, পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা’ এর অর্থ হচ্ছে- পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে খুশি করলে সকল দেবতা খুশি হন।

মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এই দিবসটির প্রচলন। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু।

এই নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়- মা দিবস কয়েকশ বছর ধরে পালন করা হচ্ছে, কিন্তু সেই তুলনায় বাবা দিবসটি অনেক নতুন। দিবসটি সম্ভবত যুক্তরাষ্ট্রে প্রথম চালু হয়েছে এবং এর শুরু নিয়ে বেশ কয়েকটি গল্প আছে।

সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত গ্রহণযোগ্য গল্পটি হলো, ওয়াশিংটনের সোনোরা লুইস স্মার্ট নামের একজন নারী এই দিন উদযাপন শুরু করেন। ষষ্ঠ সন্তানের জন্ম দিতে গিয়ে তার মা মারা গেলে তার বাবা পরিবারটিকে বড় করে তোলেন।

১৯০৯ সালে সোনোরা গির্জার একটি বক্তব্যে মা দিবসের কথা জানতে পারেন। তখন তার মনে হলো, বাবার জন্যেও এরকম একটি দিবস থাকা উচিত।

স্থানীয় বেশ কয়েকজন ধর্মযাজক তার এই আইডিয়াটি গ্রহণ করেন। ধারণা করা হয়, ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবসটি পালন করা হয়, যদিও তা আনুষ্ঠানিক ছিল না।

১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন সিদ্ধান্ত নেন যে, প্রতি বছর জুনের তৃতীয় রোববার বাবা দিবস হিসাবে পালন করা হবে। ছয় বছর পর এটিকে আইনে পরিণত করেন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন।

যার বাবা নেই একমাত্র সে-ই জানে বাবা না থাকার বেদনা। ‘বাবা’ শব্দটি পৃথিবীর সর্বত্র নিখাঁদ ভালবাসার সাথে উচ্চারিত হয়। নানাদেশে ভাষা অনুযায়ী বাবাকে একান্ত নিজস্ব ভাষায় ডেকে থাকে সন্তানেরা।

বাবাকে কে না ভালবাসে! বাবা সব সন্তানের কাছেই পরম পুজণীয়। সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় তার বাবা। দিবসটিতে পৃথিবীর সকল বাবাদের জন্য শুভেচ্ছা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন