POPULAR BD NEWS
Popular BD News Logo

যমুনায় পানি বৃদ্ধি, বন্যা আতঙ্কে চরাঞ্চলের মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৮, ২০২২ | সময়: ৮:০২ অপরাহ্ণ

উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে- এভাবে পানি বৃদ্ধি পেলে আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ৩০-৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবে।

এদিকে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভূঞাপুরের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে নিচু এলাকার ফসলি জমি। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। নদীগর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।

এছাড়া অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে তীররক্ষা গাইড বাঁধসহ ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক। ফলে আতঙ্কে রয়েছে যমুনা তীরবর্তী এলাকার মানুষেরা। উপজেলার জিগাতলা নামকস্থানে থেমে নেই বালু উত্তোলনের মহোৎসব।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, ভাঙনের ব্যাপারে উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে ভাঙন কবলিত এলাকা সার্বক্ষণিক তদারকি করছে। বন্যায় যাতে মানুষ পানিবন্দি না হয়ে পড়ে, সে ব্যাপারে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, জেলার যমুনাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিচু এলাকা তলিয়ে যাচ্ছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করবে যমুনার পানি।

সূত্র: যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন