POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে

করোনা সংক্রমণ ফের বাড়ায় শঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৪, ২০২২ | সময়: ৫:২২ অপরাহ্ণ

দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত মাসেও সংক্রমণের হার এক শতাংশের নিচে ছিল। কিন্তু এখন দুই শতাংশে উঠে এসেছে সেই হার। এমন পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা যেভাবে অসতর্ক হয়ে চলাচল করছি, হাসপাতালে রোগী বাড়তে সময় লাগবে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শঙ্কা প্রকাশ করেন।

জাহিদ মালেক বলেন, ‘করোনা সংক্রমণ আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম, কিন্তু দেশে এখন আবার করোনা বাড়ছে। গত একমাস দেশে সংক্রমণের হার ছিল দশমিক ৬ শতাংশ, এখন সেটা ২ শতাংশে উঠে গেছে। প্রতিদিন যেখানে দৈনিক ৩০ থেকে ৩৫ জন রোগীর করোনা শনাক্ত হতো, এখন সেটা বেড়ে হচ্ছে ১৫০ থেকে ১৬০ জন। আমরা আশঙ্কা করছি, আমাদের যদি এই মুহূর্তে পরীক্ষা বাড়ে, তাহলে সংক্রমণের সংখ্যাও আরও বেড়ে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের জন্য একটা ভালো বিষয় হলো আমাদের সব হাসপাতালে এখন ২০ জনের বেশি রোগী নেই। কিন্তু আমরা যেভাবে অসতর্ক হয়ে চলাচল করছি, হাসপাতালে রোগী বাড়তেও সময় লাগবে না। তাই আমাদের স্বাস্থ্যবিধি নিয়ে আরও সতর্ক হতে হবে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনেই সব কাজ করবেন, এটি আমরা আশা করব।’

সূত্র:যুগান্তর

N\N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন