কচুয়ায় শারমিন আক্তার (২২) নামের এক তালাকপ্রাপ্ত মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে এই আত্মহত্যার ঘটনা ঘটে। শারমিন কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাটওয়ারীর বাড়ির মেয়ে।
শারমিনের নিকট আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ৭/৮ মাস পূর্বে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর শারীরিক সমস্যাকে কেন্দ্র করে নব-দম্পত্তির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দফা শালিস বৈঠক বসে। প্রায় ৫ মাস পূর্বে স্বামীর সাথে শারমিনের বিচ্ছেদ ঘটে।
বিচ্ছেদের পর শারমিন মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। সোমবার সকালে ফজরের নামাজ আদায় করার পর তার মা যখন ঘরের বাহিরে চলে যায়, সেই সময়ে শারমিন নিজ গৃহের আড়ার সাথে উড়না পেচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে।
কিছুক্ষণ পর তার মা বাড়ি এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় শারমিন ফাঁসিতে ঝুলছে।
কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসে লাশ উদ্ধার করে। কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। শারমিনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।