POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশের ৫১তম বাজেট পেশ আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৯, ২০২২ | সময়: ৪:১০ অপরাহ্ণ

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৮০ হাজার কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ হতে পারে।

জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করার আগে সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভায়, বিশেষ প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হবে। এরপর মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ওইদিন বঙ্গভবনের বদলে জাতীয় সংসদ ভবনের রাষ্ট্রপতির দপ্তরে অফিস করবেন। এর পরই রীতি অনুযায়ী অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

চলতি ২০২১-২২ অর্থবছরের মূল বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। গত অর্থ বছরের তুলনায় আসন্ন বাজেটের আকার ৭৬ হাজার কোটি টাকা বেশি হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটের মোট আকার নিয়ে এখনো পর্যালোচনা ও যাচাই-বাচাই চলছে। শেষ মুহূর্তে কিছু কম বেশি হতেও পারে। আগামী বাজেটে ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার মতো হতে পারে। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ১৫ হাজার কোটি টাকা। আসন্ন অর্থবছরে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে। চলতি অর্থবছরে যা ধরা হয়েছিল ৫ দশমিক ৩ শতাংশ।

সূত্র আরও জানিয়েছে, আগামী অর্থবছরে মোট আয় ধরা হবে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে আয় ধরা হয়েছিল ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। সে অনুযায়ী এবারে বাজেটে মোট প্রাক্কলিত আয়ের পরিমাণ বাড়ছে ৪৪ হাজার কোটি টাকা।

মোট আয়ের মধ্যে আগামী অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হতে পারে। চলতি অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। আগের অর্থবছরেও এনবিআরকে একই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন