POPULAR BD NEWS
Popular BD News Logo

ভিত্তিহীন রিট করায়

সেলিম চেয়ারম্যানকে ৫০ লাখ টাকা জরিমানা

অপর দুই রিটকারী আব্দুল কাদের ও জুয়েলকে ২৫ লাখ টাকা করে জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৯, ২০২২ | সময়: ১২:৪৬ অপরাহ্ণ

জাল নথি ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভিত্তিহীন রিট করে আদালতের সময় নষ্ট করায় চাঁদপুরের বিতর্কিত ইউপি চেয়ারম্যান সেলিম খানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। অপর দুই রিটকারী আব্দুল কাদের ও জুয়েলকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

এর আগে প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে অধিগ্রহণের জন্য জমির মূল্যহার পরীক্ষায় কমিটি গঠন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৯৪ কোটি টাকার প্রাক্কলনের বৈধতা নিয়ে করা রিটের শুনানি শেষ হয়।

সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে সেলিম খানকে। তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান।

শনিবার (৪ জুন) সকালে জেলা আওয়ামী লীগের সদস্যের সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল জানান, দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পপুলার বিডিনিউজ, ঢাকা

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন