খাদে পড়া অ্যাম্বুলেন্সে মিলল ৬’শ ৯ বোতল ফেনসিডিল। অ্যাম্বুলেন্সটি চাঁদপুরের আঞ্জুমান খাদেমুল ইনসান সংগঠনের। আর ঘটনাটি কুমিল্লা জেলার চান্দিনা মহাসড়কের পাশে। চান্দিনা থানা পুলিশ চাঁদপুর পুলিশের সহযোগিতা নিয়ে অ্যাম্বুলেন্স চালক সুজনকে গ্রেফতার করেছে। সুজনের ভাষ্যমতে তাকে যে ফোন করে ভাড়া চুক্তি করেছে, পুলিশ তাদেরকে খুঁজে বের করে ঘটনার পেছনের ঘটনা উদঘাটনের কাজ করছেন।
চান্দিনায় অ্যাম্বুলেন্সে ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঁদপুরের রাজনীতিতে তোলপাড় কেন?
ওই অ্যাম্বুলেন্সটি ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান। আর তা থেকেই ৬শ’ ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হওয়ায় চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনসহ সর্ব মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
১১ মে বুধবার বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে অ্যাম্বুলেন্সটি পড়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই একটি মহল আঞ্জুমান খাদেমুল ইনসান চাঁদপুর নামের ওই সংগঠনের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগ কে জড়িয়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে নানান আপত্তিকর মন্তব্য শুরু করেন।
ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে স্থানীয় লোকজন ছুটে যায়। প্রত্যক্ষদর্শীরা অ্যাম্বুলেন্স চালকসহ অন্যদের উদ্ধার করতে গিয়ে দেখে ভেতরে কোনো মানুষ নেই। অ্যাম্বুলেন্সভর্তি অনেকগুলো কার্টন দেখা যায়। এর মধ্যে একটি ছেঁড়া কার্টনের ভেতর ফেনসিডিল দেখে পুলিশের জরুরি নম্বর ৯৯৯ ফোন করা হয়। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।
অ্যাম্বুলেন্স চালক সুজন গ্রেফতারের পর বলেন, শাহরাস্তি উপজেলা থেকে দুই ব্যাক্তি গাড়ী ভাড়া নেয়। পরে তারা অস্ত্র ঠেকিয়ে ফেন্সিডিলগুলো ঢাকায় নিতে চেয়েছিল।
অপরদিকে জেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হওয়ায় সম্প্রতি জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিনের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগ জরুরী মিটিংয় শেষে এই ঘটনা ষড়যন্ত্র বলে দাবী করেন।
ওই সময় জেলা আওয়ামীলীগ বলেন, আগামী জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্তকারীদের কোন ছাড় না দিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা নতুন নয়। তবুও এই ঘটনায় কেন এতো তোলপাড়। এর পেছনের রাজনীতি কি বলছে। সম্প্রতি চাঁদপুরের আওয়ামীলীগের দুই মেরুর রাজনীতি তুঙ্গে। তবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সম্পত্তি ক্রয়ে অনিয়ম, মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধ, জেলা প্রশাসকের দায়ের করা মামলার পর এই ফেন্সিডিল উদ্ধারের ঘটনান রেশ কতদূর সাংগঠনিক উন্নতি হচ্ছে সরকার দলীয় এই চাঁদপুরের আওয়ামীলীগের রাজনীতি? পপুলার বিডিনিউজ, চাঁদপুর।