POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রতীক বরাদ্দের আগে প্রচারণা নয়, ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৮, ২০২২ | সময়: ৭:২১ অপরাহ্ণ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। মিছিল, শোডাউন, মাইকিং বন্ধ থাকবে। একই সঙ্গে সম্ভাব্য মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে থাকা সব ধরনের বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলতে হবে। অস্ত্র উদ্ধার অভিযানও শুরু হবে।

আজ রোববার বেলা ১১টায় কুমিল্লা নগরের ছোটরা এলাকায় অবস্থিত আঞ্চলিক সার্ভার স্টেশনে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এসব কথা বলেন।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে চারজনকে সতর্ক করা হয়েছে। কুমিল্লাবাসীকে সুন্দর নির্বাচন উপহার দেওয়াই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ১৭ মে পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হবে আঞ্চলিক সার্ভার স্টেশনে। ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে সেগুলো বাছাই হবে। ২৭ মে প্রতীক বরাদ্দ হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ১৫ জুন নির্বাচনী ফল ঘোষণা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে। ভোটের আগে নির্বাচনী মালামাল বিতরণ করা হবে কুমিল্লা জিলা স্কুল থেকে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৭৯২ জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬০০ জন। একজন হিজড়া ভোটার আছেন। ১০৩টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ হবে। নির্বাচনের দুদিন আগে ১৩ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মক ভোটিং হবে। ইভিএমে ভোট গ্রহণ হবে ১৫ জুন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান, কাজী মো. ইস্তাফিজুল হক, মো. রায়হান আরেফিন, মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

আজ বেলা দুইটার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় পুবালী চত্বরে থাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরানোর কাজ শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। পর্যায়ক্রমে নগরের ২৭ ওয়ার্ডের সব কটি থেকে ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড সরানো হবে। প্রতীক বরাদ্দের আগে এ ধরনের প্রচারণা করার সুযোগ নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন