কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকা থেকে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্সও জব্দ করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল পহেলা মে সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার বিবির বাজার গিলাতলী গ্রামের মেহেদী হাসান রাব্বি(২৬), বারপাড়া গ্রামের মাইনউদ্দিন(২০) এবং কুচাইতলী গ্রামের
মুন্না(১৯)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের
বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল
বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।