সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজে এসে চিত্রনায়িকা হিসাবেই পরিচিতি তৈরি করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কিছুদিন আগে তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় আছে তিনটি সিনেমা। মিডিয়ার অন্যান্য মাধ্যমেও কাজের ব্যস্ততা রয়েছে তার। এসব বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** দুবছর পর নিজের গ্রামের বাড়িতে এসেছি। বেশ আনন্দ লাগছে। করোনাভাইরাসের কারণে বাবা মায়ের সঙ্গেও দুবছর পর দেখা হলো। তাই ঈদের আগেই ঈদের আনন্দ শুরু হয়েছে আমার। গ্রামের নির্মল পরিবেশে বেশ প্রশান্তি লাগছে।
* ঈদের কোনো কাজ করেননি এবার?
** সেভাবে কোনো কাজ করার সুযোগ পাইনি। পড়ালেখার বেশ চাপ ছিল। বাড়ি আসার আগে এক মাস ধরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। তবে বিভিন্ন ধরনের কাজের প্রস্তাব ছিল।
* চিত্র জগতের অনেকেই নাটকেও অভিনয় করছেন। আপনি করেন না কেন?
** আসলে আমি অভিনয়ে একবারেই নবীন। এখন শুধু শিখেই যাচ্ছি। যেহেতু সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছি, তাই কিছুদিন এ অঙ্গনেই কাজ করার পরিকল্পনা আছে। যখন পরিণত হব অভিনয়ে তখন হয়তো নিজেকে সব মাধ্যমে যুক্ত করব।
* বিজ্ঞাপনে কি এখনো নিয়মিত কাজ করছেন?
** সম্প্রতি ছয়টি নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছি। এরই মধ্যে একটি প্রচারে এসেছে গত পহেলা বৈশাখে। আরেকটি আসবে ঈদের সময়। তবে খুব বেশি গড়পড়তা কাজে যুক্ত হওয়ার ইচ্ছা নেই। মান ঠিক রেখে নিজেকে সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়ে কাজ করার পরিকল্পনা করছি।
* আপনার হাতে এখনো তিনটি সিনেমার কাজ রয়েছে। এগুলোর অগ্রগতি কী?
** সানী সানোয়ারের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম-২’ নামের সিনেমাটির সব কাজ শেষ। এ ছাড়া আবু তৌহিদ হিরনের ‘আদম’ এবং রায়হান রাফির ‘নূর’ সিনেমার শুটিং শেষ হলেও এগুলোর কারিগরি অংশের কাজ চলমান। তবে অল্প সময়ের মধ্যে এগুলোও মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া ঈদের পর অন্তত একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।
* অভিনয় ক্যারিয়ার নিয়ে মূল্যায়ন কী?
** অল্পদিনের অভিনয় ক্যারিয়ার নিয়ে মূল্যায়নের সময় এখনো আসেনি। এখনো প্রাথমিক পর্যায়েই আছি। দর্শকের মন্তব্য কিংবা মূল্যায়নই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। আমি অভিনয়টাকে আয়ত্তে আনার চেষ্টা করে যাচ্ছি।