POPULAR BD NEWS
Popular BD News Logo

সুন্দরবনে দেখা মিলছে রয়েল বেঙ্গল টাইগারের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২ | সময়: ৩:৪৪ অপরাহ্ণ

সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার (বাংলার বাঘ)। গেল এক মাসে এ বনের নদী-খালের পাড়ে বহুবার দেখা মিলেছে দুর্লভ এ প্রাণীটির।

বন থেকে ফেরা মানুষের মুখে মুখে বাঘের বাস্তব গল্প শুনে পর্যটকরা অগ্রহী হচ্ছেন ভ্রমণে। কখনো বনের ঝোপঝাড়ে আবার কখনো গাছের ডালে বা নোনা পানিতে সাঁতরে যাচ্ছে বাঘ। বাঘের এমন বিচরণ নিয়ে বনের জেলে-পেশাজীবী ও পর্যটকদের কৌতূহলের অন্ত নেই। ঈদের পর বনের অভ্যন্তরে বাঘের বিচরণ দেখতে ট্যুরিজম লঞ্চ ও বোট অগ্রিম বুকিং দিতে শুরু করেছেন ভ্রমণপিপাসুরা।

ট্যুরিজম সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার দেখতে দেশ-বিদেশ থেকে প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এলেও বাঘের দেখা পেয়েছেন এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য। পর্যটকরা বন প্রহরীদের কাছে বাঘ দেখার গল্প শুনেই তুষ্ট থাকেন।

বন বিভাগ জানায়, সুন্দরবনে দিনে বাঘের দেখা পাওয়ার সুযোগ খুবই কম। কারণ এ সময় বনের অভ্যন্তরে পর্যটনবাহী নৌযান চলাচল ও পর্যটকদের আনাগোনা থাকায় বন্যপ্রাণীরা বনের গহিনে চলে যায়। রাত হলে মিষ্টি পানি খেতে ক্যাম্প ও পর্যটন কেন্দ্রগুলোর পুকুরে আসে। তাই বিশেষ করে জ্যোৎস্না রাতে পুকুরপাড়ের সুউচ্চ টাওয়ারে বসে ভাগ্যে থাকলে দেখা মিলে যেতে পারে বাংলার বাঘের। কিন্তু হঠাৎ করে দিনেও বাঘের বিচরণ চোখে পড়ছে। সম্প্রতি তিনটি বাঘের একসঙ্গে নদী পার হওয়া এবং শাবকসহ পাঁচটি বাঘের একসঙ্গে বিচরণের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাঘের বিচরণের এমন আরও কয়েকটি দৃশ্য ধরা পড়েছে বন বিভাগ, ট্যুরিস্ট গাইড ও পর্যটকদের ক্যামেরায়।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন