বছরের প্রথম তিন মাসে সারা দেশে সাড়ে চার লাখের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫৫ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতাল। এই হিসাব সরকারের স্বাস্থ্য বিভাগের। আইসিডিডিআরবি বলেছে, এখন তাদের হাসপাতালে আসা রোগীদের ২৩ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত।
আইসিডিডিআরবি ও সরকারের রোগনিয়ন্ত্রণ শাখা বলছে, বাংলাদেশে সারা বছর কমবেশি ডায়রিয়ার রোগী হাসপাতালে ভর্তি হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এই সময় ডায়রিয়া বেশি ছড়িয়ে পড়েছে বলে তারা মনে করছে। রোববার স্বাস্থ্য
অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘ডায়রিয়ার প্রকোপ স্বাভাবিকের চেয়ে একটু বেশি। এটি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সারা দেশে ডায়রিয়া রোগীর জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসের হিসাব দিয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট রোগী ৪ লাখ ৬১ হাজার ৬১১ জন। এর মধ্যে মারা গেছে দুজন।
সূত্র: প্রথম আলো
E/N