POPULAR BD NEWS
Popular BD News Logo

হাওরের পরিস্থিতি ভালো নয়, ঝুঁকির মুখে কৃষকের ধান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২ | সময়: ৯:৩৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের হাওর এলাকায় চাষ করা ধান এখনো সবুজ, কাঁচা। পাকতে আরও ১০–১২ দিন সময় নেবে। এর মধ্যেই ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কৃষকের শ্রমে–ঘামে ফলানো এসব ‘সোনার ধান’ ঝুঁকির মুখে পড়েছে। এতে চরম আতঙ্ক আর উদ্বেগে আছেন কৃষকেরা। গতকাল শনিবার টাঙ্গুয়ার হাওরের একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে বেশ কিছু জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের ছোট-বড় ১৫৪টি হাওরে এবার ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এতে ৩ হাজার ২২০ কোটি টাকার বোরো ধান উৎপাদিত হওয়ার কথা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয়, চেরাপুঞ্জিতে অতিবৃষ্টি হলেই ঢল নামে সুনামগঞ্জে। সেখানে গত ৪ দিনে ৫৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে করে ব্যাপক পরিমাণে পাহাড়ি ঢল নামছে সুনামগঞ্জে। জেলার নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর, শনির হাওর, সমসার হাওরসহ সব কটি হাওরের ফসলই এখন ঝুঁকিতে আছে। একইভাবে জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই ও শাল্লায় উপজেলায় নদ-নদীতে পানি বাড়ছে। বিভিন্ন স্থানে ফসল রক্ষা বাঁধে ধস ও ফাটল দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন