নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে গাড়ি পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসানকে লাঞ্ছিত করেছেন ইউনুস (৩২) নামে একজন।
মঙ্গলবার দুপুরের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইউনুসকে আটক করেছে। আটক ইউনুসের সমর্থকরা সেনবাগ পৌর শহরের থানা চত্বরে সড়ক অবরোধের চেষ্টা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আটক ইউনুস সেনবাগ পৌরসভার কাদরা (ছয়বাড়ীয়া) এলাকার আবুল কালামের পুত্র।
সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসানের গাড়ির পেছন দিক থেকে ইউনুসের মোটরসাইকেল সাইড দেওয়ায় জন্য হর্ন দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীকে সাইড না দিলে ডাক্তারের প্রাইভেটকারের সামনে গিয়ে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় ডাক্তার গাড়ি থেকে নামলে কথা কাটাকাটির একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। নাজমুলের বাম হাতের একটি আঙুল ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয়রা ডাক্তার নাজমুল হাসানকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আটক ইউনুসের সমর্থকরা সেনবাগ পৌর শহরের থানা চত্বরে সড়ক অবরোধের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র: যুগান্তর
E/N