POPULAR BD NEWS
Popular BD News Logo

সামিয়া বেতন পেয়ে কী কী করবেন, সেই গল্প আর শেষ হয়নি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ | সময়: ১:৫০ অপরাহ্ণ

সামিয়া আফরানের নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল আগামী মাসেই। পবিত্র ঈদুল ফিতরের আগে এক মাসের বেতনও পাওয়ার কথা। প্রথম বেতনের টাকা দিয়ে কী কী করবেন, কাকে কী কিনে দেবেন—বন্ধু সুমাইয়া আক্তারের সঙ্গে রিকশায় যেতে যেতে সেই গল্পই করছিলেন সামিয়া। এর মধ্যেই গুলির শব্দ। ব্যস্ত সড়কে মানুষের শোরগোল ও গাড়ির হর্নের মধ্যে কোনো সাড়াশব্দ ছিল না সামিয়ার।

ঢাকার শাহজাহানপুরে ব্যস্ত সড়কে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন সামিয়া। তখন রিকশায় তাঁর পাশেই বসা ছিলেন বন্ধু সুমাইয়া আক্তার। তিনি সেদিনের ঘটনা বর্ণনা করে  মুঠোফোনে বলেন, ‘আমার বয়সী একটা মানুষ। আমার সামনে হারিয়ে গেল। আমি ঘুমাতে পারতেছি না, খেতে পারতেছি না। বাসা থেকে বের হতে ভয় লাগে।’

সামিয়া আফরান জামাল ওরফে প্রীতি (২২) ঢাকার মিরপুরের একটি কারখানার কর্মী জামাল উদ্দিন ও হোসনে আরার দুই সন্তানের একজন। সামিয়া বড়। তাঁর ছোট ভাই সোহাইব জামাল এবারের এসএসসি পরিক্ষার্থী। পরিবার জানায়, সামিয়াও পড়াশোনা করছিলেন। তবে সংসারের অসচ্ছলতা দূর করতে তিনি মাঝখানে চাকরিতে যোগ দিয়েছিলেন। নতুন করে এপ্রিল মাসের প্রথম দিন আরেকটি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

সুমাইয়া আক্তার রোববার  বলেন, ‘সামিয়া বেতন পেয়ে পরিবারের জন্য কী কী কিনবে, আমাকে কী কিনে দেবে, সেসবই বলছিল। রিকশা চলতে চলতে তখন রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদের সামনে যানজটে এসে থামে, তখন গুলির শব্দ হয়। আগুনের ফুলকি দেখা যায়।’

সুমাইয়া বলেন, ‘আমি তো কোনো দিন গুলির শব্দ শুনিনি। বুঝতে পারছিলাম না কী হচ্ছে। আমি ভেবেছিলাম গাড়ির চাকা ফেটে গেছে। আবার মনে হয়েছিল ট্রান্সফরমারের শব্দ। আমি রিকশার যে পাশে ছিলাম, সে পাশেই মাইক্রোবাসটা ছিল। গুলি সে পাশ থেকেই আসছিল।’

গুলির শব্দের পর নিজে লাফ দিয়ে রিকশা থেকে নেমে রাস্তার পাশের একটি দোকানের সামনে চলে যান বলে উল্লেখ করেন সুমাইয়া। তিনি জানান, তিনি ভেবেছিলেন সামিয়া আগেই সরে গেছে। কিছুক্ষণ পর যখন গুলির শব্দ থেমে যায়, তখন তিনি সামিয়াকে ফোন করেন। তখন এক ব্যক্তি তাঁকে ডাক দিয়ে মানুষের জটলার দিকে নিয়ে যান। গিয়ে সুমাইয়া দেখতে পান সামিয়া অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন।

সুমাইয়া বলেন, ‘ওকে (সামিয়া) ডাকছিলাম। তখনো জানি না ঠিক কী হয়েছিল। এক লোক আর আমি মিলে ওকে সিএনজিতে (অটোরিকশা) উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই।’

সামিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে একটি গুলির আঘাত ছিল। পুলিশ বলছে, দুর্বৃত্তরা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুকে (৫৮) হত্যা করতে গিয়েছিল। এ সময় এলোপাতাড়ি গুলি সামিয়ার শরীরে লাগে।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন