হাজীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের চার জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের এন্নাতলী গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, সম্পত্তিগত পূর্ব শত্রুতার জের ধরে গেলো ২৫ জানুয়ারি এন্নাতলী পাটোয়ারী বাড়ির রফিকুল ইসলাম একই বাড়ির রাজ্জাকের পৈত্রিক সম্পত্তির উপর ইট, বালি দিয়ে দেয়াল নির্মাণের প্রস্তুতি নেয়। এতে রাজ্জাকের ভাই খলিলুর রহমান, খালেদা আক্তার, বিউটি বেগমের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়ছে ইউপি সদস্য আতিকুর রহমান মোবাইলে অজ্ঞাত কয়েকজনকে ডেকে এনে রাজ্জাকের ভাই খলিলুর রহমানকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা ও খলিলুর রহমানকে বাঁচাতে আসলে খালেদা আক্তার ও বিউটি বেগমের উপরও তারা হামলা করে।
ঘটনার সময় খলিলুর রহমানের পকেটে থাকা নগদ ৩০হাজার টাকা ও খালেদা আক্তার ও বিউটি বেগমের গলায় থাকা ৯৮ হাজার টাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পরও জোরপূর্বক পুকুরে মাছ ধরতে আসে মেম্বার আতিকুর রহমান। এতে বাঁধা দিলে আবারও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাজ্জাক ও তার ভাই খলিলুর রহমান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন।
অন্যদিকে ওই সংঘর্ষের ঘটনায় আতিকুর রহমান পক্ষের দুইজন আহত হয়। এই বিষয়ে ইউপি সদস্য আতিকুর রহমানের ছেলে পপুলার বিডিনিউজকে মুঠোফোনে জানান, তার বাবা অসুস্থ্য। এছাড়া তার আরো দুই চাচা আহত হয়েছেন। সে আরো জানায়, সবার সিদ্ধান্তে পুকুরে মাছ ধরতে যায় তারা। কিন্তু সম্পত্তিগত বিরোধ থাকায় পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়।