POPULAR BD NEWS
Popular BD News Logo

‘আগুন লাগাইলো’ কোটির ঘর ছাড়াল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: জুলাই ৯, ২০২০ | সময়: ৬:১৪ অপরাহ্ণ

ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনালের গাওয়া প্রথম কোনো গান কোটিবারের বেশি দেখল দর্শক। সেই হিসেবে কোনাল এখন কোটিপতি!

শাকিব খান অভিনীত ও প্রযোজিত সুপারহিট ছবি ‘পাসওয়ার্ড’-এর জন্য ‘আগুন লাগাইলো’ শিরোনামে প্রথম আইটেম গান করেছিলেন কোনাল। যে গানে বুবলীকেও প্রথম পাওয়া গিয়েছিল আইটেম গানে।

নিজেকে ভেঙে নতুন করে হাজির হয়ে সেই গানেই বাজিমাৎ করেছেন কোনাল। ৩ জুলাই শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে গানটি কোটির ক্লাব অতিক্রম করে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো রকম বুস্ট ছাড়াই গানটির ভিউস ১ কোটি ১ লাখের বেশি, যা প্রতিনিয়ত বাড়ছে।
বিষয়টি নিয়ে জনপ্রিয় এ শিল্পীর উচ্ছ্বাসের কমতি নেই। কোনাল মনে করেন, কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় তিনি সিক্ত।

তিনি বলেন, এটি আমার গাওয়া প্রথম আইটেম ধাঁচের কোনো গান। গানটি গাওয়ার সময় দ্বিধায় ছিলাম, না জানি কেমন হয়, তবে ছবির প্রযোজক ও শীর্ষ অভিনেতা শাকিব খান গানটি পছন্দ করেন। সর্বোপরি যে দর্শকদের জন্য আমি গান গাই তারা আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার।

গেল বছর রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি ‘পাসওয়ার্ড’। নির্মাণ করেছিলেন মালেক আফসারী। বক্স অফিস হিট করার পর গেল ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ‘পাসওয়ার্ড’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়।

তুরস্কে শুটিং হওয়া ‘আগুন লাগাইলো’ গানটির কথা ও সুর লিংকনের। শাকিব, বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন