দিনের কাজ শেষে সন্ধ্যায় নানার বাড়ীতে যাওয়া হলো না মোটরসাইকেল আরোহীদের। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা বাজার সংলগ্নে হাজীগঞ্জ গামী সিএনজিকে ওভারটেক করতে গিয়ে চাঁদপুরগামী তেলের লরি চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী সৌরভের (২০)। নিহত সৌরভ সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার বাসিন্দা।
সোমবার সন্ধ্যায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ঘন্টাব্যাপী সড়কে যানজটের ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
এ ঘটনায় আহত দুই জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার মোটরসাইকেল আরোহী নাইম ও ওয়ালেছ এলাকার সিএনজি চালক মোবারক।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় চাঁদপুরগামী তেলের লরি ও হাজীগঞ্জগামী একটি সিএনজিসহ মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। পরে সৌরভের স্বজনেরা মৃতদেহ বাড়ীতে নিয়ে যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও থানার উপ-পরিদর্শক নাজিম হাসপাতালে আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা আশংকামুক্ত।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দ বলেন,সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যানজট মুক্ত করা হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর