POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১২, ২০২২ | সময়: ১:২৬ অপরাহ্ণ

বাংলাদেশের অগ্রযাত্রা করোনাভাইরাস মহামারি কিংবা ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক ঘটনার মধ্যেও ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, একটার পর একটা ধাক্কা আসে। করোনার ধাক্কা কাটাতে না কাটাতে আবার যুদ্ধাবস্থার ধাক্কা। এজন্য একটু সমস্যার সৃষ্টি হয়। তবে আমি এটা বিশ্বাস করি, বাঙালি জাতি যেকোনো অবস্থা মোকাবিলা করে এগিয়ে যাবে।

আমিরাত সফররত প্রধানমন্ত্রী শুক্রবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।

প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এই অনুষ্ঠানে আবুধাবি থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেই ভাষণে তিনি একটি কথা স্পষ্ট বলেছিলেন- ‘কেউ দাবায়ে রাখতে পারবা না’। বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এই বিশ্বাস তারও রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৩ বছর একটানা গণতান্ত্রিক ধারা এদেশে অব্যাহত ছিল বলেই আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই কিন্তু আজকে এই উন্নতি হয়েছে।

দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করার অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার দেশে ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ যে ঘর তৈরি করে দিচ্ছে, সেটাও প্রবাসীদের জানান তিনি।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন