চাঁদপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। ওই সময় পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও পথচারীসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে।
বুধবার বিকেলে চাঁদপুর শহরের নতুন বাচার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ওই সময় একটি খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছিল জেলা স্বেচ্ছাসেবক দল। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় বের করা ট্রাকটি জব্দ করে।
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে সমাবেশ করছিল। এতে যান চলাচলে বিঘ্ন ঘটায় পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা যে ট্রাকটির উপর দাঁড়িয়ে সমাবেশ করেছিল সেটি জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে বের হয়। মিছিলটি বাজার এলাকা থেকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যায়। সেখানে তারা একটি খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।