POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতিসংঘে ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২, ২০২২ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে ও নিন্দায় জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে। মঙ্গলবার পরিষদের বিতর্কে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেয়। পাশাপাশি জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতার নীতির প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

এর আগে ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে নিন্দাসূচক প্রস্তাবে রাশিয়ার ভেটোর কারণে তা বাতিল হলে বিষয়টি আলোচনার জন্য সাধারণ পরিষদে স্থানান্তরিত হয়। গত সোমবার বিতর্কের সূত্রপাত করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেন, যথেষ্ট হয়েছে, ইউক্রেনে হামলা এখনই বন্ধ করতে হবে। বেসামরিক এলাকায় রুশ বিমান হামলা ও গোলাবর্ষণের নিন্দা করে তিনি ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ওপর তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক সংহতি রক্ষার ওপর জোর দেন।

সোম ও মঙ্গলবার এই বিতর্কে যেসব দেশ অংশগ্রহণ করে, তাদের অনেকেই ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার সমালোচনা করে। শুধু পশ্চিমা দেশগুলোই নয়, তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ এই হামলাকে আন্তর্জাতিক আইনভিত্তিক বিশ্বব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করে।

আলোচনায় অংশ নিয়ে সিঙ্গাপুরের প্রতিনিধি বলেন, বিনা উসকানিতে রাশিয়ার হামলা সব ক্ষুদ্র দেশের অস্তিত্বের ওপর হুমকিস্বরূপ। ইন্দোনেশিয়ার প্রতিনিধি বলেন, রাশিয়ার গৃহীত ব্যবস্থা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছে। তুরস্ক রাশিয়ার নিন্দা করে বলে, নিজের দেশের ব্যাপারে সব সিদ্ধান্ত গ্রহণের একমাত্র অধিকার ইউক্রেনের জনগণের, অন্য কারও নয়। কেনিয়ার প্রতিনিধি অধিক সংযত আচরণের আবেদন জানিয়ে বলেন, সহিংস দ্বন্দ্ব শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোয় ঘটে বলে যে ধারণা পশ্চিমা তথ্যমাধ্যমে দেওয়া হচ্ছে, তা প্রবল রকম বর্ণবাদী।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন