গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার সাংবাদিকদের জন্য অঘোষিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাংবাদিকদের পার্কে প্রবেশ করতে হচ্ছে টিকিট কেটে পরিচয় গোপন রেখে।
জেব্রা, বাঘ, সিংহসহ বেশ কিছু প্রাণীর মৃত্যুর ঘটনা অনুসন্ধানে গঠিত তদন্ত দল ও বিশেষজ্ঞ মেডিকেল টিম পার্কে আসছেন জানতে পেরে বুধবার গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। তবে তাদের পার্কের ভেতর ঢুকতে দেয়া হয়নি।
তাদের কেন ঢুকতে দেয়া হচ্ছে না বা সাংবাদিকদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে পার্ক কর্তৃপক্ষ বলেন, এ বিষয়ে তাদের কিছু জানা নেই। পরে দীর্ঘসময় অপেক্ষা করেও পার্কে ঢুকতে না পেরে গণমাধ্যমকর্মীরা স্থান ত্যাগ করেন।
একাধিক সংবাদকর্মী জানান, খবর সংগ্রহে পার্কে প্রবেশ করতে টিকিট কেটে ঢুকতে গেলেও তাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এ ছাড়া, ভেতরে প্রবেশের পর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেনি পার্ক কর্তৃপক্ষ, তারা সাংবাদিকদের এড়িয়ে যান।
জানা গেছে অসুস্থ বাঘ ও সিংহটির অবস্থা সংকটাপন্ন বলে পার্ক কর্তৃপক্ষ সাংবাদিকদের এড়িয়ে থাকতে চাচ্ছেন।
এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তদন্ত দলের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলা হবে না বলে আমাদের জানিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
সাফারি পার্কে সাংবাদিকদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা প্রশ্ন করা হলে তিনি নিরব থাকেন।
সূত্র:যুগান্তর
E/N