সিটি করপোরেশনে দক্ষ চালক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ময়লার গাড়িচালকের কারণে সম্প্রতি রাজধানীতে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেরকম যেন আর না হয়। সাবধান হয়ে যান। নতুন, আধুনিক যেসব যানবাহন কিনবেন, সেগুলোয় দক্ষ চালক নিয়োগ দিন। প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দিন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান। এদিকে স্বাস্থ্যের বৃহৎ কর্মসূচির ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাবসহ ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এসবের বিস্তারিতও তুলে ধরা হয় ব্রিফিংয়ে। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশীদ, মোসাম্মৎ নাসিমা বেগম, শরিফা বেগম প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী জানান, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের যানজট নিরসনকরণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার স্থান লোকালয়ের বাইরে করতে নির্দেশ দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যাতে কোনো রোগবালাই বা উৎকট গন্ধ ছড়িয়ে না পড়ে। সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে বলেছেন শেখ হাসিনা। এছাড়া প্রকল্পের বাস্তবায়ন দ্রুত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: যুগান্তর
E/N