শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সঙ্গে রাতেই ভার্চুয়ালি আলোচনায় বসছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। শনিবার রাতে এ তথ্য জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রীর আহবানে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও সেটি অনলাইনে করার সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা। অথবা মন্ত্রীর প্রতিনিধি পাঠালেও তাদের সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সেখানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আবারো আলোচনায় বসার আহবান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার রাতে রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর বাসায় শাবি শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, শাবিতে পুলিশি আচরণ (অ্যাকশন) দুঃখজনক। কিন্তু শিক্ষকদেরও লাঞ্ছিত করা হয়েছে। দুটোই অনভিপ্রেত। আমরা চাই, শিক্ষার্থীরা অনশন থেকে সরে এসে আলোচনায় বসুক। তারা চাইলে অনশনরত অবস্থাতেও আলোচনায় বসতে পারেন। আলোচনাই একমাত্র সমস্যা সমাধানের উপায়।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ আন্দোলনে অন্য কারো ইন্ধন রয়েছে কি না, অন্য কারো হাত রয়েছে কি না তা আমি জানি না। আপনারা (সাংবাদিকরা) এটি খতিয়ে দেখতে পারেন। শিক্ষার্থীরা অনশন করছে এতে আমরা কষ্ট পাচ্ছি। আবার শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছে তাও গ্রহণযোগ্য নয়।
সূত্র: যুগান্তর
E/N