POPULAR BD NEWS
Popular BD News Logo

যৌতুকের টাকা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

দামুড়হুদার জুড়ানপুরে সুফিয়া খাতুন (৩২) নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের টাকা না দেওয়ায় তার স্বামী জাকিরুল ইসলাম তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহত সুফিয়া খাতুন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের রাজমিস্ত্রি জাকিরুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের মা আছিয়া খাতুনের অভিযোগ, ২০০৪ সালে নিজাম উদ্দিনের ছেলে জাকিরুল ইসলামের সঙ্গে সুফিয়া খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছে জাকিরুল। কয়েকবার মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় তাকে। কিন্তু সে প্রায়ই সুফিয়াকে মারধর করত।

তিনি আরও জানান, যৌতুকের টাকা দাবি করে গত ২৮ ডিসেম্বর সুফিয়াকে মারধর করে একটি দাঁত ভেঙে দেয় জাকিরুল। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুনরায় তাকে মারধর করে।

এর পর সুফিয়া ফোন করে আসতে বললে তার ফোনটি আছাড় মেরে ভেঙে দেয় জাকিরুল। সেখানে গেলে বাড়ির গেট থেকে বের করে দেয় সে। পরে সকালে শুনতে পাই সুফিয়া মারা গেছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীর ফুলে গেছে। তাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার চান তিনি।

একই অভিযোগ করেছেন নিহতের বড় ভাই আবদুর রশিদ ও ছোট ভাই সাইফুল ইসলামও।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন