POPULAR BD NEWS
Popular BD News Logo

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ | সময়: ৭:৩১ পূর্বাহ্ণ

চিরস্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে মুমিনুল হকের দল। নিজেদের টেস্ট ইতিহাসে এটাই সেরা জয় বাংলাদেশের। বে ওভালে বাংলাদেশের সমর্থকদের মুখে স্লোগান উঠেছিল ‘বাংলাদেশ! বাংলাদেশ!’ জয়ের স্মারক হিসেবে স্টাম্প তুলে নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল-মুশফিক।

৫ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে ১০.৪ ওভারের মধ্যে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় টম লাথামের দল। এতে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

দ্বিতীয় ওভারে সাদমান ইসলামকে (৩) হারালেও নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে জয়ের পথ পাড়ি দিচ্ছিলেন মুমিনুল। দলীয় ৩৪ রানে নাজমুলকে (১৭) তুলে নেন কাইল জেমিসন। স্লিপে দারুণ ক্যাচ নেন রস টেলর। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে জয় এনে দেন মুমিনুল।

বিদেশের মাটিতে এটি বাংলাদেশের ষষ্ঠ টেস্ট জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মাটিতে জিতলেও নিউজিল্যান্ডের মাটিতে ৯ টেস্ট খেলে হারতে হয় সব ম্যাচেই। দশম চেষ্টায় পাওয়া জয়টি নিঃসন্দেহে বিদেশের মাটিতে এ সংস্করণে বাংলাদেশের সেরা জয়।

নিউজিল্যান্ড বড় দলগুলোর জন্যই খুব কঠিন এক জায়গা। সেখানে টেস্টের বর্তমান এই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ চার দিন দাপট বিস্তার করে পাওয়া জয় চিরস্মরণীয় হয়ে থাকবে। এর মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার ধারারও অবসান ঘটল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন