POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘরে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ হারালেন ঘুমন্ত দম্পতি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:০৪ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় ঘুমন্ত দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর চারটার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। সারভর্তি ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের পাশের ওই বাড়িতে ঢুকে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিহত দম্পতি হলেন মো. জয়নাল আবেদীন (৪৫) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৩৬)। জয়নাল পেশায় কৃষক ছিলেন। দুর্ঘটনার সময় একই ঘরের ভিন্ন খাটে জয়নাল-হাসিনার ছয় বছরের নাতিও ঘুমিয়ে ছিল। অল্পের জন্য ওই শিশু প্রাণে বেঁচে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের ঘরটি বকশীগঞ্জ-রৌমারী সড়কের পাশেই ছিল। প্রতিদিনের মতো রাতে তাঁরা ওই ঘরে নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর চারটার দিকে সারভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি তাঁদের ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাক ঢুকে পড়ার শব্দে প্রতিবেশীরা ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন