কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভারতের সীমান্তবর্তী একটি গ্রামের বাড়িতে র্যাব অভিযান চালিয়ে ২৯টি ককটেল উদ্ধার করেছে। বেলা পৌনে তিনটা পর্যন্ত ওই বাড়িতে র্যাবের অভিযান চলছিল।
আধাপাকা বাড়িটি উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকায়। র্যাব সূত্রে জানা গেছে, বাড়ির মালিকের নাম জসিম উদ্দিন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। আজ শনিবার সকালে র্যাব অভিযান শুরু করে।
এসব তথ্য নিশ্চিত করে র্যাব-১১–এর কুমিল্লা কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, কাল রোববার চতুর্থ ধাপে পাঁচথুবী ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ভোট গ্রহণ হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কেউ বাড়িটিতে ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে থাকতে পারেন।
E/N