POPULAR BD NEWS
Popular BD News Logo

মার্চ পর্যন্ত স্বল্প পরিসরেই চলতে পারে শিক্ষা কার্যক্রম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ২:১১ অপরাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের আশঙ্কায় জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকেই পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে না। আগামী মার্চ পর্যন্ত বর্তমান সময়ের মতোই স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম চলতে পারে। মার্চ পর্যন্ত যদি সংক্রমণ আর না বাড়ে, তার পর থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম চলতে পারে। শিক্ষামন্ত্রী দীপু মনি এমনটাই জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল এলাকায় বিনা মূল্যের পাঠ্যবইয়ের ছাপার কাজ দেখতে গিয়ে দীপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে গতবারের মতো আসন্ন নতুন শিক্ষাবর্ষেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিনা মূল্যে বই বিতরণের উৎসব হবে না। শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের বই দেওয়া হবে।

অমিক্রনের আশঙ্কার মধ্যে জানুয়ারিতে শিক্ষাক্রম স্বাভাবিক করা যাবে কি না, সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অমিক্রন নিয়ে এখনো শেষ কথা বলার সময় আসেনি। যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়াচ্ছে, ইউরোপেও ছড়াচ্ছে। এ জন্য আমাদের আরেকটু বোধ হয় দেখা দরকার। আমরা এখনো সবদিক দিয়ে ভালো অবস্থায় আছি, কিন্তু একই সঙ্গে সতর্ক থাকতে হবে। আমাদের এখানে মার্চে বাড়ে (করোনার সংক্রমণ)। কাজেই মার্চ মাস পার না হওয়া পর্যন্ত বলতে পারব না, খুব নিরাপদ অবস্থায় আছি। কাজেই সতর্কতা ষোলো আনা রাখতে হবে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন