POPULAR BD NEWS
Popular BD News Logo

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ১২:২২ অপরাহ্ণ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে উভয় ঘাটের দুপারে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে আছে সহস্রাধিক যানবাহন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ পদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করেছিল।

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে কাছের নিকটতম বস্তুটিও দেখা যাচ্ছিল না। এ জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা নিয়ন্ত্রণে আসার পর ফেরি চলাচল ফের শুরু করা হয়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন