POPULAR BD NEWS
Popular BD News Logo

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও খারাপ হয়েছে: মির্জা ফখরুল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৮:০৯ অপরাহ্ণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও খারাপ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ২২ ডিসেম্বর থেকে ৩২টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা দেন। এর আগে ২০ ডিসেম্বর থেকে জেলাপর্যায়ে এ কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল।

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলাপর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এ সমাবেশ উপলক্ষে আমরা জাতীয় পর্যায়ে কয়েকটি টিম গঠন করেছি।’

২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ৬টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন ৭টি করে সমাবেশ হবে। প্রথম দিন ঢাকা বিভাগের টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে। এসব সমাবেশ স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সমন্বয় করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম টাঙ্গাইলের সমাবেশে থাকবেন।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন