POPULAR BD NEWS
Popular BD News Logo

কানাডার উদ্দেশে দেশ ছাড়লেন ডা. মুরাদ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। গন্তব্য কানাডার টরেন্টো। এর আগে তিনি রাত ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছান।

একাধিক গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দেশ ছাড়ার জন্য তিনি বুধবার আত্মগোপনে থাকাবস্থায় টিকিট কাটেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল সেটি পদত্যাগের দিন মঙ্গলবারই বুঝিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদ-সদস্য ডা. মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ের নিজ দপ্তরে বলেন, এ সম্পর্কে তিনি জানেন না।

এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’

আলাদা একটি সূত্র জানায়, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের হয়েছে। এমন পরিস্থিতির মুখে বিতর্কিত এ নেতা দেশত্যাগ করলেন।

ডা. মুরাদ হাসানের একাধিক অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপের ওই অডিওতে মুরাদ হাসানকে অশ্লীল কথাবার্তা ও নায়িকাকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন