POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে শিশু ধর্ষণ, যুবকের ৫ বছর কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১ | সময়: ১০:১৬ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী গ্রামে ৮ বছর বয়সী কন্যা শিশুকে নির্জন ঘরে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলায় মো. নাছির চৌকিদার (৩০) নামে যুবককে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১০ সালের ২৭ নভেম্বর শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে উল্লেখিত যুবক বাড়ির উঠান থেকে ওই শিশুকে খেলারত অবস্থায় ধরে নিয়ে নিজ বসত ঘরে মুখে ওড়না বেধে ধর্ষণ করে। পরে আবার উঠানে এনে ছেড়ে দেয়। ওই অবস্থায় শিশুটি কান্না করলে তার কি হয়েছে জিজ্ঞাসা করেন।

শিশুর মা বাদী হয়ে ধর্ষণকারী নাছির, তার পিতা হানিফ চৌকিদার ও তার মাতা হেনজী বেগমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (৪)/খ ধারায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এই ঘটনায় ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবু আল মামুন ২০১১ সালের ৩০ মার্চ নাছিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলায় সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটির (পিপি) অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু জানান, মামলাটি ১১ বছর চলমান অবস্থায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে অভিযুক্তকে ৫ বছরের কারাদন্ড প্রদান করে।

সহকারী পাবলিক প্রসিকিউটার (এপিপি) ছিলেন অ্যাড. খোরশেদ আলম শাওন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. ইলিয়াছ মানছুরি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন