POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌকা প্রার্থীর পরাজয়, তৃতীয় লিঙ্গের প্রার্থী ঋতুর জয়

পপুলার বিডিনিউজ ডেস্ক/ একাত্তর টিভি | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ | সময়: ৮:২১ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।

আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা এ প্রার্থী প্রচারণার সময় থেকেই আলোচনায় ছিলেন।

তৃতীয় লিঙ্গ নিয়ে জন্ম হওয়ায় ছোটবেলা থেকে ঋতু শিকার হয়েছেন নানা প্রতিবন্ধকতার। লিঙ্গ পরিচয় প্রকাশ পাওয়ায় পাঁচ বছর বয়সে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয় তাকে। পড়াশোনায় প্রাথমিকের গণ্ডিও পার করতে পারেননি তিনি।

ঢাকার ডেমরা থানায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠেন ঋতু। ৪৩ বছর বয়সী এই ইউপি চেয়ারম্যান এখন দলের গুরুমার দায়িত্ব দেখভাল করেন।

গত ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তিনি। নিজ এলাকায় দুইটি মসজিদ তৈরি করে দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন মন্দির উন্নয়নেও সহযোগিতা করেছেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।

উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান তিনি। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন