POPULAR BD NEWS
Popular BD News Logo

কারাগারেই মারা গেলেন বিএনপি নেতা ফকির আহম্মদ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ | সময়: ১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই পৌর বিএনপির সভাপতি ফকির আহম্মদ (৬৫) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মারা গেছেন। তিনি গত ১৮ অক্টোবর জেলার হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রামের হাটহাজারী থানার একটি মামলায় ফকির আহম্মদ গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন গত ১৮ অক্টোবর। তিনি কারাগারের মেঘনা ৩-এ কারাবন্দি ছিলেন। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে তাৎক্ষণিক চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার নাগাদ তাকে মৃত ঘোষণা করেন।

ফকির আহম্মদের ছোট ছেলে তানরাজ আহম্মদ তপু বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এসময় অভিযোগ করেন, সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় তার বাবাকে মিরসরাই থানা পুলিশ গ্রেপ্তার করে হাটহাজারী থানা হয়ে জেলে পাঠান। এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কারাবন্দি অবস্থায় বিএনপি নেতা ফকির আহম্মদের মৃত্যুর খবরে ক্ষোভ জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। তিনি বলেন, ১৯৭৮ সাল থেকে বিএনপির (জাগদল) প্রতিষ্ঠালগ্ন থেকে ফকির আহম্মদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০০৮ সালের পর থেকে তাকে একাধিকবার হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। ফকির আহম্মদ ছিলেন দক্ষ একজন সংগঠক।

সূত্র: কালের কন্ঠ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন