POPULAR BD NEWS
Popular BD News Logo

ইচ্ছেমতো ভাড়া বাড়ানোয় নাকাল লঞ্চযাত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ | সময়: ৫:০৪ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়ায় বরিশাল-ঢাকা ও দক্ষিণের নৌপথে চলাচলকারী বড় লঞ্চগুলোতে জ্বালানি ব্যয় আগের চেয়ে ১৮ শতাংশ বেড়েছে। কিন্তু নৌযানগুলোতে ভাড়া বাড়ানো হয়েছে ৪০ থেকে ৪৬ শতাংশ পর্যন্ত। আর বর্ধিত ভাড়ার এই গ্যাঁড়াকলে সবচেয়ে বেশি ভাড়া গুনতে হবে ডেকে চলাচলকারী নিম্ন আয়ের যাত্রীদের।

৩ নভেম্বর রাতে ডিজেলের দাম একলাফে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা লিটার করেছে সরকার। ফলে ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার ভোর থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রাখেন মালিকেরা। এরপর তিন দিন ধরে পথে পথে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। এর সঙ্গে লঞ্চ ধর্মঘট যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও শোচনীয় হয়।

সংকট নিরসনে রোববার দুপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হয়। বাসমালিকদের পাঁচ ঘণ্টার এ বৈঠক শেষে বর্ধিত ভাড়া ঘোষণা করা হয় ২৭ শতাংশ। আর যাত্রীবাহী নৌযানে বৃদ্ধি করা হয় ৩৬ শতাংশ।

সোমবার থেকেই এই বর্ধিত ভাড়া কার্যকর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু লঞ্চমালিকেরা সরকার নির্ধারিত ৩৬ শতাংশ ভাড়ার বদলে সর্বোচ্চ ৪৬ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করেছে।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন