ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) এই তথ্য জানান লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই যাত্রী ভাড়া বাড়ানোর দাবি করেছি আমরা। তবে তা না মানায় লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।’
এর আগে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটারে ১ দশমিক ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের পর ১ দশমিক ৪০ পয়সার বদলে ২ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা (বিআইডব্লিউটিএ) এই প্রস্তাব করে। এরই মধ্যে নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে তা পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিআইডব্লিউটিএ প্রেসিডেন্ট মাহবুব উদ্দিন আহমদ জানান, যাত্রীবাহী লঞ্চের পরিচালনা ব্যয় ও সদ্য জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বেড়েছে। ফলে ভাড়া বাড়ানোর অনুরোধ করা হয়েছে।