POPULAR BD NEWS
Popular BD News Logo

বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ | সময়: ৬:২২ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসটির অন্তত ১০ যাত্রী। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত কাভার্ড ভ্যানচালকের নাম আশিকুর রহমান (৩০)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যান চালাতেন। হবিগঞ্জ থেকে কাভার্ড ভ্যানটি চালিয়ে তিনি নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফিরছিলেন।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে সিলেটের দিকে যাচ্ছিল। আর হবিগঞ্জের প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা থেকে পণ্যবোঝাই কাভার্ড ভ্যান নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফিরছিল। নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। এতে উভয় গাড়ির চালকসহ ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক বলেন, কাভার্ড ভ্যানচালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বি‌ভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে আহত কাভার্ড ভ্যানচালক হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন