POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশের পোশাকে ডাকাতি, গ্রেপ্তার ৬

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ | সময়: ৯:৪০ অপরাহ্ণ

পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার সাভারের রাজাশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, পুলিশের পোশাক, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, পুলিশের ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামীম রেজা (৩০), হেলাল উদ্দিন (৩৫), মো. পারভেজ (২৫), ওয়াসিম ইসলাম (২৫), নাইম খান (২৭) ও ফেরদৌস আহমেদ (২৯)। তাঁরা ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই চক্রের প্রধান শামীম রেজা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৪–এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হক জানান, শামীম রেজা কিশোর বয়স থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ২০০৫ সালে ঢাকায় এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাঁর নেতৃত্বেই ডাকাত দলটি গড়ে ওঠে। তাঁরা রাতের আঁধারে পুলিশের পোশাক পরে মহাসড়কে গাড়ি থামিয়ে যাত্রীদের অর্থ, স্বর্ণালংকার, মুঠোফোন ও অন্যান্য জিনিস ছিনিয়ে নেন।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন