POPULAR BD NEWS
Popular BD News Logo

চুলের ছাঁটে ফুটে উঠেছে নামকরা সব তারকার ছবি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

চুলের ছাঁটে হালের ফ্যাশন সব সময়ই জনপ্রিয়। বিশেষ করে তরুণদের মধ্যে। কিন্তু ভারতের হরিয়ানা রাজ্যের দুই ভাইয়ের চুল কাটার দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তাঁদের হাতের ছোঁয়ায় গ্রাহকের মাথা যেন ক্যানভাসের রূপ নিয়েছে। তাঁদের চুলের ছাঁটে ফুটে উঠেছে নামকরা সব তারকার ছবি।

ওই দুই ভাইয়ের নাম রাজবিন্দর সিং সিধু ও গুরবিন্দর সিং সিধু। নিজ শহর হরিয়ানার দেবওয়ালিতে তাঁদের একটি সেলুন রয়েছে। গ্রাহকদের মাথায় প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন, মিকি মাউসসহ বিভিন্ন তারকা ও তাজমহলের মতো প্রখ্যাত স্থাপনার ছবিও ফুটিয়ে তোলেন তাঁরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় কার ছবি আঁকবেন, গ্রাহক নিজেরাই তা পছন্দ করেন। সেই অনুযায়ী নিপুণ দক্ষতায় তাঁদের মাথায় সেই তারকার ছবি ফুটিয়ে তোলেন দুই ভাই। তাঁদের এই দক্ষতা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ রকম করে চুল কাটাতে প্রতিদিনই গ্রাহকের ঢল নামছে তাঁদের সেলুনে।

৩১ ও ২৯ বছর বয়সী দুই ভাইয়ের কাছে বলিউড তারকা ও ভারতের জনপ্রিয় খেলোয়াড়দের ছবি আঁকার অনুরোধই বেশি আসে। তারা দুইভাই সাত বছর আগে সেলুনের ব্যবসা শুরু করেন।

প্রথমে এই কাজের দক্ষতা অর্জনের জন্য বিনা মূল্যে চুল কাটতেন দুই ভাই। এই বিষয়ে রাজবিন্দর সিং রয়টার্সকে বলেন, ‘শুরুতে আমরা কোনো পারিশ্রামিক ছাড়াই গ্রাহকের চুল কাটতাম। এ কাজে দক্ষতা অর্জনের জন্যই এটা করতাম।’

সূত্র:প্রথম আলো
R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন