টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল না খেললেও বিশ্বকাপের প্রস্তুতি পর্বে টানা দুই হার টাইগারদের বিশ্বাসের ভিত কিছুটা নাড়িয়েছে বৈকি।
বিশ্বকাপের আগে আত্মতুষ্টিতে ভোগার দেওয়াল ভেঙে দিয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়।
মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এমনটা মনে করেন না। তার মতে, দুই হার দলে প্রভাব ফেলেনি। ম্যাচগুলোকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই ধরছেন তিনি। মাহমুদউল্লাহ বলেছেন, দলের সবার আত্মবিশ্বাস আগের মতোই আছে। প্রস্তুতি ম্যাচে পরাজয় নিয়ে ভাবছে না বাংলাদেশ।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (১৭ অক্টোবর)। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
র্যাংকিং, ক্রিকেটীয় অবস্থান, সবকিছুতেই স্কটিশদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই সতর্ক থাকতে হচ্ছে মাহমুদউল্লাহদের। ২০১২ সালে নেদারল্যান্ডের হেগে স্কটিশদের বিরুদ্ধে একমাত্র সাক্ষাতেই যে হেরেছিল বাংলাদেশ। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না মাহমুদউল্লাহ।
আইপিএল শেষে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। পিঠের ইনজুরি কাটিয়ে খেলতে প্রস্তুত অধিনায়ক মাহমুদউল্লাহ। বিশ্বকাপে নামার আগে তাই পূর্ণতা পেয়েছে টাইগার শিবির।
সূত্র:ইত্তেফাক
R/N