POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই মাদরাসাশিক্ষক আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ | সময়: ৫:৪৭ অপরাহ্ণ

শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজির দিঘির পাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে শিক্ষক মঞ্জুরুল করিমকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল করিমকে বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজির দিঘির পাড়ের তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। সেখান থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে শিক্ষক মঞ্জুরুল কবিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হবে বলে জানান কাজির দিঘিরপাড় আলিম মাদরাসার সুপার মাওলানা বরাকাত উল্যা। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

বুধবার ক্লাস চলাকালীন সময়ে হামছাদী কাজির দিঘির পাড় আলিম মাদরাসার দশম শ্রেণির ৬ ছাত্রের চুল কেটে দেয় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির। পরে তারা ক্লাস না করেই মাদরাসা থেকে বেরিয়ে যায়। এরপর ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সূএ:দৈনিক ইত্তেফাক
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন