POPULAR BD NEWS
Popular BD News Logo

২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ | সময়: ১০:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ৯ অক্টোবর শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই হিসাবে ১২ রবিউল আওয়াল অর্থাৎ ২০ অক্টোবর বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার (দায়িত্বপ্রাপ্ত সচিব), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হজরত মুহাম্মদ (সা.) ইসলাম ধর্মের সর্বশেষ নবি ও রাসুল। তার জন্ম ও ওফাতের পুণ্যময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবি হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) নামে পালিত হয়। এদিন সরকারি ছুটি থাকে। দিনটিকে অশেষ পুণ্যময় বিবেচনা করেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দেন। এই দিন পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন