সশরীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এ পরীক্ষা শুরু হয়।
দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে আসে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। শিক্ষার্থীরা বাস থেকে নেমে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ও ক্যাফেটেরিয়ায় বসেও শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা পরীক্ষা শেষে সশরীর ক্লাস শুরু করার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৯ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এতে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে ছিল। সবশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে।
ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বিভাগের পরীক্ষার হলরুমে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। প্রবেশের আগে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়। করোনা সংক্রমণ রোধে প্রতিটি ব্রেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়।
সকালে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামাল উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার পর পরীক্ষা নেওয়া আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। তবে আজ শিক্ষার্থীদের উৎসব দেখে আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। এভাবেই তাঁরা এগিয়ে যাবে।
সূত্র:প্রথম আলো
R/N