POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুল আছে, রাস্তা নেই! দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

ধু ধু বিলের মধ্যে কংক্রিটের দ্বিতল ভবন। নিচতলায় ফ্লাড সেন্টার আর দ্বিতীয় তলায় প্রাথমিক বিদ্যালয়। আশপাশে বসতি নেই বললেই চলে। বর্ষার সময় চারদিকে অথৈ পানি। বর্ষার সময় নৌকা, শুষ্ক মৌসুমে জমির আইল। বছরের পর বছর কখনও পায়ে হেঁটে আবার কখনওবা নৌকায় কষ্ট করে স্কুলে আসে পাবনার চাটমোহর উপজেলার ৩৩ নং বনমালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

প্রধান সড়ক থেকে স্কুলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। স্কুলের প্রবেশ দ্বারে কাদা ও পিচ্ছিল অবস্থা।  একটু বৃষ্টি হলেই পানি জমে কাদার সৃষ্টি হয় সেখানে। জমির আইল দিয়ে হেঁটে ও কাদামাটির পথ মাড়িয়ে স্কুলে এসে ক্লান্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। রাস্তা না করেই অপরিকল্পিতভাবে বিলের মধ্যে ভবন করায় দুর্ভোগের শেষ নেই ওই স্কুলে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থীদের।  এমন দুর্ভোগ দেখেও না দেখার ভান করে আছে সংশ্লিষ্ট দপ্তর।

সরেজমিন গিয়ে দেখা যায়, ১৯৭২ সালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ধু ধু বিলের মধ্যে ৩৩নং বনমালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি করা হয়। এর পরে ২০১০ সালে স্কুলে যাওয়ার কোনো রাস্তা না করেই সেখানে নিচে বন্যাদুর্গতদের থাকার জন্য ফ্লাড সেন্টার এবং দ্বিতীয় তলায় স্কুল ভবন তৈরি করা হয়।  দ্বিতীয় তলায় স্কুল ভবনের চারটি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। অপর তিনটি শ্রেণিকক্ষ। আর সেখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১০২ জন।

তবে লোকসমাগমের বাইরে বিলের মধ্যে নির্মাণ স্কুলটিতে বর্ষার সময় নৌকায় এবং শুষ্ক মৌসুমে জমির আইল ধরে হেঁটে পৌঁছাতে হয় শিক্ষার্থীদের।  একটু পানিতেই কাদা হওয়ায় তার মধ্যে হেঁটে গিয়ে অনেক শিক্ষার্থীর পায়ে সারা বছর ঘা লেগেই থাকে। এ ছাড়া শিক্ষার্থীদের জামা-কাপড় ও বইখাতা কাদা-পানিতে ভিজে নষ্ট হয়। দীর্ঘদিন ধরে ওই স্কুলের শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন