POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্রিকেট উন্নয়নে পরিকল্পনা নেই বিশাল বাজেটে আগ্রহ বিসিবির

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ | সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটের বাস্তব সাফল্য ও ভবিষ্যৎ সুষ্ঠু পরিকল্পনার চেয়ে বিশাল বাজেটেই যেন আগ্রহ বিসিবির। ২০২১-২০২২ অর্থবছরে বিসিবি নিজেদের বাজেটে আয় ধরেছে ২৬৫ কোটি ৫১ লাখ টাকা। চলতি অর্থবছরে ব্যয় হবে ২৬০ কোটি ৬০ টাকারও বেশি। উদ্বৃত্ত ধরা হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা। ব্যয়ের বিশাল বাজেট মনে হলেও এর অধিকাংশই খরচ হবে ক্রিকেট পরিচালনা বিভাগ, বিসিবির স্টাফদের বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে। ধারাবাহিকভাবে চলতি অর্থবছরেও ক্রিকেটের উন্নতির জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই বোর্ডের। অথচ, সর্বশেষ কয়েক বছরের মধ্যে চলতি অর্থবছরেই বিসিবির আয়-ব্যয়ের পরিমাণ সবচেয়ে বেশি। সর্বশেষ তিন বছরে শুধু গত অর্থবছরেই সর্বোচ্চ ২০৩ কোটি টাকা ব্যয় হয়েছে।

এই বিপুল পরিমাণ আয় দেখে চমকে ওঠার কারণ নেই। সময়ের স্রোতে আইসিসির আয় বেড়েছে বহুগুণ। বিসিবিরও বিশাল অর্থের বেশিরভাগ আসবে আইসিসি থেকে। আইসিসি থেকে চলতি অর্থবছরে বিসিবি পাবে ১২৬ কোটি টাকা। টি ২০ বিশ্বকাপ ও অন্য বিষয় মিলিয়ে অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। বিসিবির দ্বিতীয় সর্বোচ্চ অর্থ আয় হবে আন্তর্জাতিক টিভি রাইটস থেকে। এছাড়া বিসিবির ফিক্সড ডিপোজিট (এফডিআর) থেকে আসবে সাড়ে ৪২ কোটি টাকা। দেশে ক্রিকেটের বিশাল জনপ্রিয়তার কারণে স্পন্সর ও টিভি রাইটস থেকে বড় অঙ্কের টাকা আসে। জাতীয় ও মহিলা ক্রিকেট দলের স্পন্সরশিপে আয় ৩০ কোটি ৬০ লাখেরও বেশি। জাতীয় ও মহিলা দলের স্পন্সরশিপের মধ্যে টাইটেল স্পন্সরশিপে ধরা হয়েছে ১৫ কোটি টাকা। এছাড়া জাতীয় দল স্পন্সরশিপ রাইট থেকে আসবে ১৫ কোটির বেশি। অফিসিয়াল স্পন্সরশিপ রাইটস থেকে ৩৭ কোটি টাকা। ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টগুলোতে বড় অঙ্কের টাকা খরচ হয় বিসিবির। সেখান থেকে আয়ও কম নয়। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে বিসিবির উপার্জন আড়াই কোটি টাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে মান বাড়ানোর সঙ্গে বড় পরিকল্পনার মাধ্যমে এই আয় বহগুণে বাড়ানো সম্ভব বলে মনে করছেন অনেকে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন